পরিকল্পিতভাবে হেরাজ মার্কেট মসজিদে হামলা-ভাঙচুর করা হয়েছেঃ সংবাদ সম্মেলনে মার্কেট কমিটি

নারীর সাথে অনৈতিক কর্মকান্ডের জের ধরে নগরীর হেরাজ মার্কেট জামে মসজিদের বহিস্কৃত সাবেক ইমাম আবুল কালাম আজাদের পুনর্বহালকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বৃহত্তর হেরাজ মার্কেট ঔষধ ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক নাজমুস সাকির পিন্টু। রোববার খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির নেতারা। তারা দাবি করেন, গত ১৮ এপ্রিল আসরের নামাজের পর একটি সংঘবদ্ধ দল মসজিদে প্রবেশ করে পরিকল্পিতভাবে হামলা ভাঙচুর ও বিশৃঙ্খলা তৈরি করে।
লিখিত বক্তব্যে বলা হয়, মসজিদের সাবেক ইমাম আবুল কালাম আজাদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠার পর ২০২৫ সালের ১৪ মে মসজিদ কমিটি সভার মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে এক নারীর দায়ের করা ধর্ষণ মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে। তাদের অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন ইমাম শূন্য থাকার পর মসজিদ কমিটি অস্থায়ীভাবে নতুন ইমাম নিয়োগের উদ্যোগ নেয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ঘটনার দিন খুলনা ইমাম পরিষদের নেতা গোলাম কিবরিয়া, নাজমুস সউদ ও মোল্লা মিরাজের নেতৃত্বে বহিরাগতদের নিয়ে একটি দল মসজিদে প্রবেশ করে। তারা কোনো আলোচনা ছাড়াই মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সাবেক ইমামকে পুনর্বহালের কথা জানায়। এ সময় প্রতিবাদ করলে মার্কেট কমিটির সেক্রেটারি নাজমুস সাকির পিন্টুসহ কয়েকজনকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে পিন্টু, রিয়াজ উদ্দিন সুজা, মসজিদ কমিটির সদস্য শফিকুল ইসলাম, হেরাজ মার্কেটের শামিম ফার্মেসীর কর্মচারী সাব্বির হোসেন, হেরাজ মার্কেট কমিটির সদস্য তানভীর আহম্মেদ, হেরাজ মার্কেটের লাকি ফার্মেসীর কর্মচারী তানজীদ আহম্মেদ আহত হয়।
এছাড়া হামলাকারীরা মসজিদের ভেতরে থাকা ডিজিটাল ঘড়ি ও জানালার কাঁচ ভাঙচুর করে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি সাধন করে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ঘটনার আগে সম্ভাব্য উত্তেজনার বিষয়ে থানায় অভিযোগ করা হলেও তা সত্ত্বেও এ হামলার ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীদের পক্ষ থেকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। খবরঃ বিজ্ঞপ্তির